জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় দেশে লোডশেডিং আবারও বেড়ে গেছে। কিছু এলাকায় ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে জানান, বিদ্যমান সংকটের কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই লোডশেডিং বাড়তে শুরু করে। বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সাড়ে ৫ হাজার মেগাওয়াট থেকে কমে ৪ হাজার মেগাওয়াটের ঘরে এসেছে।
ভারতের আদানি কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কমেছে। ফার্নেসওয়েল-নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকেও উৎপাদন হ্রাস পেয়েছে। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ২৪৯ মেগাওয়াট, কিন্তু সরবরাহ হয়েছে মাত্র ১২ হাজার ৯৩৫ মেগাওয়াট।