জ্বালানি সংকটের প্রেক্ষিতে দোকান ও শপিংমল খোলার সময় নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।
আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সময় নির্ধারণের তথ্য জানায়। গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল।
নতুন সময়সীমা অনুযায়ী, ১২ আগস্ট থেকে দোকান ও শপিংমল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার পাশাপাশি আলোকসজ্জা বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।