২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি ১৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রপ্তানি হয়েছে ৩৮০ কোটি পাউন্ডের পণ্য, যা আগের বছরের তুলনায় ৫০ কোটি ৫০ লাখ পাউন্ড বেশি।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রপ্তানি ২ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ পাউন্ড বেশি।
বাংলাদেশের রপ্তানির প্রধান খাত হলো তৈরি পোশাক। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি পাউন্ডের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থমূল্যে রপ্তানি বেড়েছে ৪৪–৪৫ কোটি পাউন্ড।
অপরদিকে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ৭০ কোটি পাউন্ডের পণ্য ও সেবা এসেছে। ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের মধ্যে ৩১০ কোটি পাউন্ডের বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে, যা এক বছর আগে ছিল ২৬০ কোটি পাউন্ড।