বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ইন্দোনেশিয়া উদ্যোগী হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আজ বুধবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা জানান মিস লিস্টিওয়াতি, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা সম্ভব। তিনি হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগের কথা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশি ওষুধের গুণগত মানের প্রশংসা করে জানান, ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ওষুধের বাজার সম্প্রসারণে কার্যকর ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন। রাষ্ট্রদূত দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্র ও বিমান যোগাযোগ উন্নয়ন এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে দূতাবাসের সহযোগিতার আশ্বাস দেন।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানি করা হয়, তবে বাণিজ্যে বাংলাদেশের বড় ঘাটতি রয়েছে।
তিনি আরও জানান, হালাল খাদ্যশিল্প ও শিল্পের কাঁচামালসহ সম্ভাবনাময় খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে তিনি বাংলাদেশ থেকে অন্তত এক বিলিয়ন ডলারের পণ্য আমদানির ওপর জোর দেন।
চেম্বার সভাপতি বাংলাদেশের ব্যাংকগুলোর মাধ্যমে ইন্দোনেশীয় কোম্পানিগুলোর ঋণপত্র গ্রহণে অনীহার বিষয়টি তুলে ধরে সমন্বয়ের আহ্বান জানান। তিনি মাল্টিপল এন্ট্রি ভিসা এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালুর প্রস্তাবও দেন।
সাবেক চেম্বার সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সভায় ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিনসহ চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালকবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।