জয়পুরহাটে আদিবাসী নারীদের জন্য স্ট্রবেরিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই প্রকল্পটি উত্তরাঞ্চলের প্রান্তিক আদিবাসী নারীদের জীবন-জীবিকায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনের কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (সিএফএলআই)-এর সহায়তায় বাস্তবায়িত এই উদ্যোগের লক্ষ্য হলো আদিবাসী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
‘এম্পাওয়ারিং ইনডিজিনাস উইমেন অ্যান্ড এনহান্সিং মার্কেট অ্যাসেস থ্র ভ্যালু–অ্যাডেড স্ট্রবেরি–বেসড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্পটির উদ্বোধন গত ৩০ জুলাই এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হয়।
প্রকল্পটি জয়পুরহাট জেলার কর্মকার ও পাহান আদিবাসী জনগণের নারীদের কেন্দ্র করে পরিচালিত হবে। গবেষণা ও উন্নয়ন সংস্থা ডাহুক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এই উদ্যোগের আওতায় একটি গবেষণাভিত্তিক সমবায় কাঠামো গড়ে তোলা হবে, যেখানে আদিবাসী নারীরা নিজেদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ স্ট্রবেরি চাষ ও বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ পাবেন।
প্রকল্পের পরিচালক ও গবেষক মাগফি রেজা সিদ্দিক বলেন, ‘এই প্রকল্পটি প্রান্তিক আদিবাসী জনগণের জন্য সম্ভাবনার এক সেতুবন্ধন।’ তিনি আরও জানান, এই উদ্যোগের লক্ষ্য শুধু স্ট্রবেরি চাষ নয়, বরং নারীদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং নিজেদের উন্নয়নের নেতৃত্ব গ্রহণে সক্ষম করে তোলা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্পটি উত্তরাঞ্চলের আদিবাসী জনগণের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি মর্যাদা ও টেকসই উন্নয়নের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।