শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নাটোরে গড়ে উঠবে নতুন ট্যুরিজম হাব

নাটোরে একটি ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

নাটোরে গড়ে উঠবে নতুন ট্যুরিজম হাব

নাটোরে আবাসন ও চিকিৎসাসহ একটি ট্যুরিজম হাব গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে একটি করে ট্যুরিজম হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’ নাটোরে পর্যটনের সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত আবাসন ও চিকিৎসাসেবা নেই। এ কারণে এখানে একটি ট্যুরিজম হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, ‘উত্তরা গণভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছেন এবং এখানে মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরে আসবেন এবং জেলার উন্নয়নে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন এবং পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান।

উত্তরা গণভবন পরিদর্শন শেষে পর্যটনমন্ত্রী নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলে ‘মিনি কক্সবাজার’খ্যাত হালতিবিল পরিদর্শনে যান।

বিজ্ঞাপন