লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংকট ও অতিরিক্ত বিলের কারণে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের ফলে স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে।
গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিংয়ের পরেও মাস শেষে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের চাপ সামলাতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহের অভাবে নিয়মিত বিদ্যুৎ না পেলেও আগের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসছে।
তীব্র গরমের কারণে শিশুরা, বয়স্করা এবং অসুস্থ রোগীরা বিশেষভাবে কষ্ট পাচ্ছেন। লোডশেডিংয়ের কারণে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, ‘সরবরাহ কম তাই লোডশেডিং হচ্ছে। তবে আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ‘বিল নিয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে। তবে আমরা গ্রাহকের অভিযোগ পেলে দ্রুত সংশোধনের ব্যবস্থা করছি।’
জেলায় পল্লীবিদ্যুৎ ও পিডিপি গ্রাহক প্রায় সাড়ে ৭ লাখ এবং বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট।