জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় তীব্র অসন্তোষ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, মূল ব্যানারে শহীদ জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রধান অতিথি মঞ্চে ওঠেননি এবং অনুষ্ঠান শুরু করা যায়নি। পরে জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা কসটেপ দিয়ে জিয়াউর রহমানের ছবি সংবলিত একটি পোস্টার ব্যানারে সংযুক্ত করেন।
আলোচনা সভা চলাকালে জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করলে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে ডায়াসের দিকে তেড়ে যান এবং বক্তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানারটি তৈরি করা হয়েছিল। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরো বিষয়টি ইচ্ছাকৃত কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব ও মাসুদ রানা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চক্রান্তের অভিযোগ করেন।