জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে অনুষ্ঠিত ১১ দলের অবস্থান কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।” তিনি নিত্যপণ্যের বাড়তি দাম প্রত্যাহারেরও দাবি জানান।
কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, “গ্যাস, বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়।”
এ সময় তিনি ছাত্রদলকে নিয়েও অভিযোগ করেন, যার মাধ্যমে তিনি বলেন, “ছাত্রদল আবারও ছাত্রলীগের রূপে হল দখলের পাঁয়তারা করছে।”
অন্যদিকে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে।” তিনি সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানোর অভিযোগ তুলে বলেন, “জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি করা হচ্ছে।”