ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে লংমার্চের কার্যক্রম শুরু হয়।
১১ দলের দাবিগুলো হলো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।
লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এ সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে, প্রতারণা করছে।’
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। গ্যাস, বিদ্যুৎ, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরব না।’
এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলিসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ।