গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রুত জ্বালানি সংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সমাবেশের পর নেতাকর্মীদের বহর লালদিঘির উদ্দেশ্যে যাত্রা করে। বক্তারা বলেন, নির্বাচিত সরকার ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দেশ ও জনগণের সাথে প্রতারণা করছে।
তারা আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। ১১ দলীয় নেতারা দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ৬ দিন যথেষ্ট, কিন্তু ৬ মাসেও তা বাস্তবায়ন করা হয়নি।
নেতারা বলেন, সরকারের ধৃষ্টতার যথাযথ জবাব দেশের মানুষ সঠিক সময়ে দেবেন। প্রশাসন দলীয়করণ এবং মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদের মতো ত্রাসের রাজত্ব কায়েম করছে।
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট ও সার সংকটের কারণে দেশের মানুষ ভোগান্তিতে পড়েছে বলেও মন্তব্য করেন তারা।