বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, সরকারের গুরু দায়িত্ব পালন করতে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, "আমাদের মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে।"
শুক্রবার নরসিংদী জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, আগামীতে ৫টি স্তরে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত হবে।
মন্ত্রী আরও বলেন, "আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাই। একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি করপোরেশনের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের এই মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।"
তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, "ইনশাআল্লাহ, আমি আপনাদের সহযোগিতা চাই, যেন আমি প্রধানমন্ত্রী কর্তৃক অর্পিত গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।"
ড. মঈন খান বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশ যেভাবে ধ্বংস হয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে নতুন করে গড়ে তুলতে হবে। তিনি স্থানীয় সরকারের অবকাঠামো গড়ে তোলার এবং অনগ্রসর জনগণের উন্নয়ন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।