রাজবাড়ীর কালুখালীতে মুন্নু শেখ নামের এক ব্যক্তি গত চার বছর ধরে ট্রেনের যাত্রীদের বিনামূল্যে পানি বিতরণ করে আসছেন। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা। দুপুরে রাজশাহীগামী নকশিকাঁথা মেইল ট্রেন কালুখালী স্টেশনে পৌঁছানোর আগে তিনি প্লাটফর্মে হাজির হন এবং ট্রেন থামা মাত্রই যাত্রীদের হাতে পানি তুলে দেন।
মুন্নু শেখের এই উদ্যোগের পেছনে একটি হৃদয়বিদারক কাহিনী রয়েছে। ২০১৮ সালে তার ৯ বছর বয়সী ছেলে সবুজ শেখের ক্যানসার ধরা পড়ে। অসুস্থ ছেলেকে নিয়ে নিয়মিত ট্রেনে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাতায়াত করতেন তিনি। অনেক সময় ফেরার পথে পানি কিনে দেওয়ার মতো টাকাও তার কাছে থাকত না। ২০২০ সালে সবুজের মৃত্যু হয়, যা মুন্নুকে ভেঙে দেয়।
সন্তানের মৃত্যু পর মুন্নু শেখ প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন ট্রেনে কোনো যাত্রীকে পানির কষ্ট পেতে দেবেন না। তিনি বলেন, "যখন ছোট কোনো শিশুর হাতে পানি তুলে দিই, তখন আমার ছেলে সবুজের মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। মনে হয়, যেন ওকেই পানি খাওয়াচ্ছি।"
মুন্নু শেখ ট্রেন আসার আগে পানি সংগ্রহ করেন এবং বোতলগুলো ভালো করে ধুয়ে টিউবওয়েলের পানি ভরেন। এরপর তিনি ট্রেনের প্রতিটি বগির সামনে ছুটে যান এবং যাত্রীদের হাতে পানি তুলে দেন।
এই উদ্যোগের জন্য প্রতিদিন তাকে দুই ঘণ্টা দোকান বন্ধ রাখতে হয়, যা তার আর্থিক ক্ষতির কারণ হয়। তবে তিনি বলেন, "মানুষের মুখে হাসি দেখতেই শান্তি মিলে।"