মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, আটক চিকিৎসক সাফিয়ার মুক্তি দিন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিস্তিনি চিকিৎসক সাফিয়ার মুক্তির দাবি জানিয়েছে, তার জীবন ঝুঁকিতে রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, আটক চিকিৎসক সাফিয়ার মুক্তি দিন

গাজায় আটক ফিলিস্তিনি চিকিৎসক ডা. আবু সাফিয়ার মুক্তির দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানায়, তার আইনজীবীর বর্ণনায় উঠে আসা নির্যাতনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং চিকিৎসকের জীবন এখন তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ডা. আবু সাফিয়ার আইনজীবী থেকে পাওয়া তথ্য 'ভয়াবহ'। অভিযোগ অনুযায়ী, আটক অবস্থায় তাকে চরম শারীরিক ও মানসিক নির্যাতন সহ একাকী বন্দিত্বে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় যারা রোগীদের ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়, তাদের আটক করা উচিত নয়। ডা. আবু সাফিয়ার অবিলম্বে মুক্তি দাবি করে তিনি বলেন, তার জীবন যখন ঝুঁকির মুখে, তখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নীরব থাকতে পারে না।

এদিকে, মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল (পিএইচআরআই) জানিয়েছে, ডা. আবু সাফিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। সম্প্রতি তাকে রামলা কারাগারের একটি ভূগর্ভস্থ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

পিএইচআরআই জানায়, তার শরীরে গুরুতর নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছেন। আইনজীবীর কাছে আবু সাফিয়া অভিযোগ করেন, কারাগারের কক্ষে চার থেকে পাঁচজন কারারক্ষী তাকে মারধর করেছেন।

ডা. হুসাম আবু সাফিয়া ২০২৪ সালের ২৭ ডিসেম্বর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে গ্রেফতার হন। তার আইনজীবী নাসের ওদেহ জানান, কারাগারে আইনি সাক্ষাতের সময় তাকে হাত-পায়ে শিকল পরিয়ে রাখা হয় এবং তিনি পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজা উপত্যকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আটকের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ডা. আবু সাফিয়ার নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।

বিজ্ঞাপন