অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ ও হুমকি প্রদর্শনের অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শোকজপ্রাপ্ত চার আইন কর্মকর্তা হলেন মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)। এই নোটিশ রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ওই চার আইন কর্মকর্তা তাঁর কক্ষে প্রবেশ করেন এবং বিচারপ্রার্থী ও অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন।
এছাড়া, তারা ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাদের হুমকির কারণে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
অভিযুক্তদের কর্মকাণ্ড কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। নোটিশে বলা হয়েছে, তাদের এই ধরনের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল।
এরপর, নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।