বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি রোববার জাতীয় প্রেস ক্লাবে দলের অসুস্থ তিন নেতার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন।
দুদু বলেন, ‘একটি মহল বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় ঘটনায় রূপ দিতে চায়। সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’
তিনি আরও উল্লেখ করেন, ‘দেশের উন্নয়নে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার। তার মধ্যে কোনো প্রতিহিংসা নেই। অথচ এই পরিবারই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে।’
দুদু বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ১৮ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার আমলে তারা সেই সুযোগ পাননি। এ কারণে এক ধরনের অস্থিরতা থাকতেই পারে। তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে।’
তিনি দাবি করেন, ‘দেশবাসী গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে। কারণ, ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা বিএনপিকেই ভোট দিয়েছে।’
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার। অসুস্থ তিন নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।