সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিজিবিএ’র ২০২৬-২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

বিজিবিএ ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৬৬টি স্থায়ী কমিটি গঠন করেছে।

বিজিবিএ’র ২০২৬-২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৬৬টি স্থায়ী কমিটি গঠন করেছে। রোববার (৫ জুলাই) রাজধানীর উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির পরিচিতি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ পাভেল, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবিএ নেতারা জানান, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এবং গার্মেন্ট বায়িং হাউস খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ৬৬টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিগুলো বিভিন্ন খাতের অভিজ্ঞ সদস্যদের অন্তর্ভুক্ত করে গঠন করা হয়েছে, যাতে নীতিগত অ্যাডভোকেসি, বাণিজ্য সহায়তা, কমপ্লায়েন্স, সালিসি, সদস্যসেবা, সক্ষমতা উন্নয়ন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল রূপান্তর এবং বিনিয়োগ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করা যায়।

বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ৬৬টি স্থায়ী কমিটি গঠন সংগঠনকে আরও শক্তিশালী এবং সদস্যকেন্দ্রিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি কমিটি দায়িত্বশীলভাবে কাজ করে সংগঠন এবং দেশের পোশাক রফতানি খাতের উন্নয়নে অবদান রাখবে।

সাবেক সভাপতি মোহাম্মদ পাভেল কমিটির সদস্যদের সততা, আন্তরিকতা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণই সংগঠনের সাফল্যের মূল শক্তি।

বিজিবিএ নেতারা জানান, সদস্য, সরকারি সংস্থা, আন্তর্জাতিক ক্রেতা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি স্বচ্ছ, টেকসই ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক গার্মেন্ট বায়িং হাউস খাত গড়ে তুলতে কাজ করবে।

উল্লেখ্য, বিজিবিএ দেশের গার্মেন্ট বায়িং হাউসগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন, যা সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের টেকসই প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন