দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের (বিসিক) অবদান আগামীতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (৫ জুলাই) বিকেলে পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বর্তমানে দেশের জিডিপিতে বিসিক খাতের অবদান ৩৪ শতাংশ, যা ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি।
মুক্তাদির বলেন, ভবিষ্যতে জিডিপিতে বিসিক খাতের অবদান ৬০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি উল্লেখ করেন, দেশে বিসিকের ৮৪টি শিল্পপার্কের রফতানি আয় প্রায় ৩০ হাজার কোটি টাকা।
তবে, তিনি জানান, অনেক শিল্পপার্ক তাদের পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না এবং কিছু শিল্পপার্ক নির্মাণে দীর্ঘসূত্রিতার সমস্যা দেখা দিয়েছে। সরকার এ বিষয় নিয়ে জরিপ করছে এবং দ্রুত শিল্পপার্কগুলোর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন দেশের বৃহত্তর জনগণের অর্থনীতিতে সংযোগ স্থাপন করে এবং নতুন উদ্যোক্তা তৈরি করে।