সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিলের হেক্সা মিশন: ইউরোপের অভিশাপ কি কাটবে?

ব্রাজিলের হেক্সা মিশন ইউরোপের অভিশাপে থেমে গেছে বারবার, নরওয়ের বিরুদ্ধে ম্যাচের অপেক্ষা।

ব্রাজিলের হেক্সা মিশন: ইউরোপের অভিশাপ কি কাটবে?

বিশ্বকাপে ২০০২ সালের পর থেকে ব্রাজিলের হেক্সা মিশন বারবার থেমে গেছে ইউরোপের দলগুলোর কাছে। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বসেরার মঞ্চে চারবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা।

২০১৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জার হারে শেষ হয় তাদের শিরোপা স্বপ্ন। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

এবার শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের আরেক দল নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ম্যাচটি ঘিরে আবারও প্রশ্ন উঠেছে– ইউরোপের দলের বিপক্ষে ব্যর্থতার চক্র কি এবারও চলবে, নাকি দীর্ঘ ২৪ বছর ধরে চলা এই ‘ইউরোপীয় অভিশাপ’ এবার কাটাতে পারবে সেলেসাওরা?

পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে কথা বলছে না। নরওয়ের বিপক্ষে ৪টি ম্যাচ খেলেও একবারও জয়ের দেখা পায়নি ব্রাজিল। দুই ম্যাচে হেরেছে, বাকি দুটি হয়েছে ড্র। বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় জয় পেয়েছিল নরওয়ে, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

বর্তমান নরওয়েকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আর্লিং হালান্ডকে সামনে রেখে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে, ভিনিসিউস জুনিয়রের নেতৃত্বে দীর্ঘদিনের হেক্সা স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া থাকবে ব্রাজিল।

এখন দেখার বিষয়, অতীতের দুঃস্মৃতি কাটিয়ে ব্রাজিল কি নতুন ইতিহাস লিখবে, নাকি আবারও ইউরোপের ‘অভিশাপে’ রচিত হবে বেদনাদায়ক অধ্যায়?

বিজ্ঞাপন