নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার শিক্ষক আবুল বাশার মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে জাল সনদে ৪১ বছর শিক্ষকতা করার অভিযোগ উঠেছে। তিনি নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজিও।
এলাকাবাসী আবুল বাশারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। রোববার বেলা ১১টায় নওগাঁ জেলা শিক্ষা অফিসের সামনে মুক্তির মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, জাল সনদের মাধ্যমে দীর্ঘদিন শিক্ষকতা ও কাজির দায়িত্ব পালন করে তিনি শিক্ষা ব্যবস্থা ও সরকারি নীতিমালাকে প্রশ্নবিদ্ধ করেছেন।
তারা আবুল বাশারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে শিক্ষকতা ও কাজির পদ থেকে অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন। শিক্ষা অফিসার অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন অফিসের প্রধান সহকারী আরমান আনছারী।