সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশিকে বেনাপোল হস্তান্তর

ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশিকে বেনাপোল হস্তান্তর

ভারতের বিভিন্ন কারাগারে অবৈধভাবে আটক থাকা ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এই ৫০ জনকে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ৬ জন নারী এবং ৪৪ জন পুরুষ রয়েছে।

ফেরত আসা ব্যক্তিরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা। তারা ৬ মাস থেকে দুই বছর পর্যন্ত ভারতের বিভিন্ন কারাগারে আটক ছিলেন।

ফিরোজ মাহমুদ নামের একজন ফেরত আসা ব্যক্তি জানান, দালালের মাধ্যমে ভালো কাজের প্রলোভনে দুই বছর আগে তারা ভারতের তামিল নাড়ু ও কেরালায় যান। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।

ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে এবং পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা ব্যক্তিরা দেশে ফিরে খুশি বলে জানান তাদের স্বজনরা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার নামের মানবাধিকার সংস্থার ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে এবং পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন