ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত ৮ টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর এবং কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, আটক হওয়া বাংলাদেশিদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে। সংস্থার বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে এরা ভারতে যায় এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়।
তিনি আরও জানান, ভারতীয় পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসাদের আইনিসহায়তা প্রদান করবে মানবাধিকার সংস্থা।