বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ জুন রাত ১ টার দিকে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় নাঈমের সঙ্গে খুলশী থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-৩৩ টিমের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় খুলশী থানার এসআই মো. শফিকুল ইসলাম ভূইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নাঈম হাসান জানিয়েছেন, তিনি ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিলো, কিন্তু ফ্লাইট পেছানোর কারণে ১০ টা ২০ মিনিটের ফ্লাইটে ১১ টার পর চট্টগ্রামে পৌঁছান। সেখানে গাড়ি না পাওয়ায় সিএনজিতে করে বাসার উদ্দেশে রওনা দেন।
তিনি আরও জানান, সিএনজিতে আসার পথে একজন ট্রাফিক পুলিশ তাদের সঙ্গে ওঠে এবং লালখান বাজারে নামার পর পুলিশ সদস্য শফিকুল ইসলাম তাদের গাড়ি সাইড করে নামতে বলে। নামার পর শফিকুল গলায় ধাক্কা দিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করে, যা নিয়ে নাঈম ভয় পেয়ে যান।
নাঈমের অভিযোগ অনুযায়ী, পুলিশ সদস্য তাকে 'তুই আসামি, চুপ, একটা কথাও বলবি না' বলেছিলেন এবং তার গলা চেপে ধরে থানায় নিয়ে আসেন। থানায় গিয়ে তিনি ওসিকে পরিচয় দিলে উনি তাকে চোখ নামিয়ে কথা বলতে বলেন।