জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয় এবং প্রজ্ঞাপন জারি করে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র্যাগিংয়ের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের ডেকে নিয়ে কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ এবং পোশাকের নিয়ম শেখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর এক কার্যকরী সদস্যের কাছে এই ঘটনার খবর দেন। পরে প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টির্যাগিং সেলের সদস্যরা এসে অভিযুক্ত শিক্ষার্থীদের আটক করে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযুক্ত শিক্ষার্থীরা পরে প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে ঘটনার দায় স্বীকার করেন।