জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদী শক্তির বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, "গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা কেবল আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদী শক্তির বিচার নিশ্চিত করতে চাইবেন।"
সারজিস আলম আরও বলেন, "আমরা চাই বিএনপির মুখপাত্র সালাহউদ্দিনের বক্তব্য এবং কাজের মধ্যে সঙ্গতি থাকুক। গণহত্যাকারীদের পক্ষে যারা সাফাই গায়, তাদের বিচার নিশ্চিত করা প্রয়োজন।"
সংবাদ সম্মেলনে তিনি জুলাই মাসে দেশ গড়ার কর্মসূচি পালনের ঘোষণা দেন। এই কর্মসূচির আওতায় ১০০ উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
১৬ জুলাই সকাল ১০টায় আবু সাইদের কবর জিয়ারত এবং ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের আয়োজন করা হবে। সারজিস আলম জানান, মাসব্যাপী এই কর্মসূচিতে সকল অংশীজনের মতামত শোনা হবে।
তিনি বলেন, "৫ আগস্ট একটি বিজয় কনসার্টের মাধ্যমে উদযাপন করা হবে এবং ৩ আগস্ট এক দফা ঘোষণার দিন বড় আয়োজন করা হবে।"
গোপালগঞ্জের মামলার প্রসঙ্গে সারজিস আলম বলেন, "গোপালগঞ্জে অপরাধী যারা, কেবল তাদের বিচারের আওতায় আনা হোক। নিরপরাধদের হয়রানি না করার আবেদন জানাচ্ছি।"