প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান একক কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, এটি দল-মত নির্বিশেষ গণতন্ত্রকামী সবার অর্জন। শনিবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা কোনো একক রাজনৈতিক দলের নয়। স্বৈরাচারের অবশ্যই বিচার হবে। তবে বিচারের নামে কোনো অবিচার করবে না বর্তমান সরকার।’
তিনি জুলাই শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘গেল ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাইও অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে।’
প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান জানাতে জুলাই স্মৃতি স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। তারা গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।