ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মির্জাপুর গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় আহত ১২ জনের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।