পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা জানান, তারা জানেন না যে তারা কমিটিতে আছেন।
জানা যায়, ইজিপিপি কর্মসূচির আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাল পুনঃখননের কাজ শুরু হয়, যার জন্য ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
৪৩ দিনের প্রকল্পে ১১৯ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরাও জানেন না তাদের নাম কমিটিতে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, খাল খননের কাজ স্কেভেটর দিয়ে সম্পন্ন করা হয়েছে, যা শ্রমিকদের কাজের সুযোগ কমিয়ে দিয়েছে।
এছাড়া, খননকৃত মাটি খালের দু'পাশে আবাদি জমির ওপর রাখা হয়েছে, যা চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করছে। স্থানীয় লোকজনের অভিযোগ, শ্রমিকরা এখনও পূর্ণ মজুরি পাননি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি জানান, সরকারি বিধিমালা মেনেই প্রকল্পের কাজ করা হচ্ছে। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি তদন্ত করা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।