বলিউড অভিনেতা আমির খান রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি তার তৃতীয় বিয়ে। বিয়েটি 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট'-এর অধীনে সম্পন্ন হয়, কারণ তারা দুজনেই ভিন্ন ধর্মের অনুসারী।
আমির খান এক সাক্ষাৎকারে জানান যে বিয়ের আয়োজন খুব সাধারণ হবে, যেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। তারা তারকাখ্যাতির পরিবর্তে পারিবারিক পরিবেশে বিয়ের অনুষ্ঠানটি উদযাপন করতে চান।
বিয়ের অতিথি তালিকা এবং খাবারের মেনু সবকিছু আমির এবং গৌরি নিজেরাই ঠিক করেছেন। তাদের লক্ষ্য ছিল পরিবারের সদস্যদের সঙ্গে একটি অন্তরঙ্গ দিন উদযাপন করা। আমিরের আগের সংসারের তিন সন্তান এবং গৌরির আগের সংসারের ছেলে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে।
আমিরের সাবেক স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওও অতিথি তালিকায় থাকতে পারেন, যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিচ্ছেদের পরেও আমিরের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে।
গৌরি স্প্র্যাট বেঙ্গালুরুতে বেড়ে ওঠা একজন উদ্যোক্তা। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে বিব্লান্ট সেলুন চেইনের সঙ্গে যুক্ত এবং আমির খান প্রোডাকশনেও কাজ করছেন।
আমির ও গৌরির পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো, তবে দীর্ঘদিন যোগাযোগ ছিল না। দুই বছর আগে ফের যোগাযোগ হলে তাদের বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। ২০২৫ সালের মার্চে আমির প্রথমবার প্রকাশ্যে গৌরির সঙ্গে সম্পর্কের কথা জানান।
আমিরের প্রথম বিয়ে ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে হয়, যা ২০০২ সালে বিচ্ছেদে শেষ হয়। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন, তবে তারা আলাদা হয়ে যান। ৬১ বছর বয়সে এসে আমির নতুন জীবন শুরু করেছেন গৌরীর সঙ্গে, একেবারে ঘরোয়া পরিবেশে।