ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের জন্য এসেছে বড় দুঃসংবাদ। উরুর চোটের কারণে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি এই ম্যাচ থেকে ছিটকে গেছেন।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। ২৬ বছর বয়সী চুয়ামেনি শেষ অনুশীলনের সময় চোটে পড়েন। চলতি টুর্নামেন্টে ফ্রান্সের চার ম্যাচের তিনটিতে তিনি শুরুর একাদশে ছিলেন।
চুয়ামেনির পরিবর্তে শুরুর একাদশে মানু কোনেকে দেখা যেতে পারে। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে চুয়ামেনিকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় কোনে খেলেছিলেন।
মাঝমাঠে দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। গ্রুপ ‘আই’-এর সবকটি ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। 'রাউন্ড অব থার্টি টু'তে সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান রানার্সআপরা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায়।