২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু শেষ হয়েছে। নাটকীয় সব ম্যাচ ও টাইব্রেকারের রোমাঞ্চের পর নিশ্চিত হয়েছে শেষ ষোলোর লাইনআপ।
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্ডের কাছে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় এবং অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পায়।
রাউন্ড অব ৩২-এ কানাডা শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ব্রাজিলও জাপানের বিপক্ষে শেষ দিকে গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়।
মরক্কো ও নেদারল্যান্ডসের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় মরক্কো। নরওয়ে আর্লিং হলান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে পরাজিত করে।
স্পেন অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে পরের পর্বে যায়। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পর্তুগালও শেষ ষোলোতে স্থান করে নেয়।
মিশর ও অস্ট্রেলিয়ার ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মিশর।
ফক্সবরোতে প্যারাগুয়ে জার্মানিকে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে।
ফ্রান্স কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। যুক্তরাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে পরাজিত করে।
বেলজিয়াম অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারায়। ইংল্যান্ড ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নেয়।
মেক্সিকো ২-০ গোলে ইকুয়েডরকে হারায় এবং সুইজারল্যান্ড ২-০ ব্যবধানে আলজেরিয়াকে বিদায় করে।
শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় কলম্বিয়া। রাউন্ড অব ৩২ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, জাপান, নেদারল্যান্ডস, আইভরি কোস্ট, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, সেনেগাল, ডিআর কঙ্গো, ইকুয়েডর, আলজেরিয়া, কেপ ভার্ডে ও ঘানা।