বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

অস্ট্রিয়ার লক্ষ্য ইয়ামালকে আটকে রাখা, স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ

অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক ইয়ামালকে আটকে রাখার পরিকল্পনা করেছেন স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে।

অস্ট্রিয়ার লক্ষ্য ইয়ামালকে আটকে রাখা, স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ

স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালকে আটকে রাখা অস্ট্রিয়ার জন্য বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলের কোচ রালফ রাংনিক। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ইয়ামাল এমন একজন ফুটবলার যাকে বিশ্বের সব ফুটবলপ্রেমী দেখতে ভালোবাসেন।'

রাংনিক আরও জানান, অস্ট্রিয়ার দায়িত্ব হবে ইয়ামালকে যত কম সম্ভব বলের সংস্পর্শে আসতে দেওয়া। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া।

১৮ বছর বয়সী ইয়ামাল ইনজুরি থেকে ধীরে ধীরে ফিরছেন। এপ্রিল মাসে হ্যামস্ট্রিং চোটে পড়ার পর গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনি মোট ১৪১ মিনিট খেলেছেন এবং একটি গোল করেছেন। রাংনিক বলেন, 'লামিন ইয়ামাল অসাধারণ একজন খেলোয়াড়। সুস্থ থাকলে আগামী ১২ থেকে ১৪ বছর, এমনকি আরও বেশি সময় সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে।'

তিনি উল্লেখ করেন, 'আমরা তাকে খুব কাছ থেকে নজরে রাখব। তাকে যেন ড্রিবল করার সুযোগ বা খোলা জায়গা না দেওয়া হয়, সেটিই আমাদের লক্ষ্য।'

অস্ট্রিয়া গ্রুপ পর্বে তিন ম্যাচে ছয়টি গোল করেছে, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবে স্পেনের বিরুদ্ধে আরও ভালো পারফরম্যান্স করতে হবে বলে মনে করেন রাংনিক। তিনি বলেন, 'স্পেনের বিপক্ষে আমাদের আরও উন্নত পারফরম্যান্স করতে হবে।'

অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা স্পেনের শক্তিমত্তার প্রশংসা করেছেন। তিনি বলেন, 'স্পেন খুব আকর্ষণীয় ফুটবল খেলে। তাদের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় রয়েছে। তবে আমরা ভয় পাচ্ছি না।'

অস্ট্রিয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার ফিলিপ মভেনেকে পাবে না। তবে রাংনিকের বিশ্বাস, দলে পর্যাপ্ত বিকল্প রয়েছে এবং তার দল স্পেনকে কঠিন চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে।

বিজ্ঞাপন