ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাবার একটি দুঃসময়ে পড়েছেন। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু-তে ৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিদায় নেয় কঙ্গো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডিআর কঙ্গোর ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার জানান, দেসাবার তাঁর বাবাকে হারিয়েছেন। সংবাদ সম্মেলনের সময় দেসাবার বাবার মৃত্যুর খবর শুনে হতবাক হন।
মিডিয়া ম্যানেজার বলেন, 'ধন্যবাদ। তবে আপনাদের জানাচ্ছি আমাদের কোচ তাঁর বাবাকে হারিয়েছেন। তাঁর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইলো।' এই খবর শুনে দেসাবার কিছু সময় চুপ থাকেন এবং পরে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল কঙ্গো। পর্তুগাল ও কলম্বিয়ার সঙ্গে একই গ্রুপে থেকেও নকআউট নিশ্চিত করেছিল দেসাবারের দল।
ম্যাচের শুরুতে কঙ্গো ৭ মিনিটে এগিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে তাদের স্বপ্নভঙ্গ হয়। সংবাদ সম্মেলনে দেসাবার বলেন, 'আমরা ভীষণ হতাশ। আমাদের বিশ্বাস ছিল, পরের রাউন্ডে যেতে পারব।' তিনি অভিজ্ঞতার ঘাটতির কথা উল্লেখ করেন এবং বলেন, 'দিন শেষে এটাই ফুটবল। আমরা শিখি, উন্নতি করি এবং এভাবেই এগিয়ে যাই।'