বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষা করছে আন্তর্জাতিক ক্রিকেটের এক ঠাসা সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ ও ২০২৭ সালের জন্য কয়েকটি হাইভোল্টেজ দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিক রোডম্যাপ চূড়ান্ত করতে শুরু করেছে।
এই তালিকায় রয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২টি টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২টি টেস্ট) এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)।
বিসিবি ইতোমধ্যে এই মেগা ৪টি সিরিজের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্দেশ্যে দরপত্র আহ্বান করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) থেকে মিরপুর বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাচ্ছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
বিসিবির খসড়া সূচি অনুযায়ী, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দুটি চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হবে।
গত কয়েক বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মাঠের লড়াই ভিন্ন মাত্রা পেয়েছে, বিশেষ করে আগামী বছরের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি নিয়ে সমর্থকদের মাঝে উত্তেজনা বেড়ে গেছে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
ঐতিহাসিক পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে এই দুই দল মোট ৪২ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাকিস্তান ৩৫টি ম্যাচ জিতেছে। তবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ও আগ্রাসী ক্রিকেট খেলার মাধ্যমে ৭টি ম্যাচ জয়ের দেখা পেয়েছে।
এখন ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে জয়ের ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে শান্ত-লিটনরা।