বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে আজ রাতে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। ইংল্যান্ড গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে উঠেছে, তবে তারা ডিআর কঙ্গোকে হালকাভাবে নিচ্ছে না।
ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জানান, দলের একাদশে মিডফিল্ডার ডেকলান রাইসের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে রাইট-ব্যাকে রিস জেমসের হ্যামস্ট্রিং চোট এখনও অনিশ্চিত, এবং তার বদলি জ্যারেল কোয়ানসাও গোড়ালির চোটে ভুগছেন। ফলে ডিজেড স্পেন্সের শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।
ডিআর কঙ্গো প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে এসেছে এবং তারা কঠিন প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করেছে। গ্রুপ পর্বে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পাশাপাশি কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে তারা ইতিহাস গড়েছে।
এদিকে, ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের সামনে নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে। তিনি যদি এই ম্যাচে ক্লিন শিট রাখতে পারেন, তাহলে তার মোট ক্লিন শিটের সংখ্যা দাঁড়াবে সাত। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ গোলরক্ষকের ক্লিন শিটের তালিকায় জায়গা করে নেবেন।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড; ডিজেড স্পেন্স, এজরি কনসা, মার্ক গেহি, ও'রাইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড; হ্যারি কেইন।
ডিআর কঙ্গোর সম্ভাব্য একাদশ: লিওনেল এমপাসি; অ্যারন ওয়ান-বিসাকা, শঁসেল মবেম্বা, অ্যাক্সেল তুয়ানজেবে, কেপুয়াদি, আর্থার মাসুয়াকু; নোয়া মুকাউ, স্যামুয়েল মুতুসামি, এদি কায়েম্বে; ইয়োয়ানে উইসা, সেড্রিক বাকাম্বু।