২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে থামানোর উপায় নিয়ে রসিকতা করেছেন। তার মতে, ইয়ামালকে মাঠে নামতে না দেওয়া হলে তাকে আটকানো সবচেয়ে সহজ হবে।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে আলোচনা তুঙ্গে। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের দুর্দান্ত পারফরম্যান্স ফুটবলবিশ্বকে মুগ্ধ করেছে।
সংবাদ সম্মেলনে ইয়ামালকে কীভাবে আটকাবেন— এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, “ইচ্ছা করে ওকে তার রুমে তালাবন্দি করে রাখি।” তবে তিনি পরে গম্ভীর সুরে ইয়ামালের প্রশংসা করেন, বলেন, “সে অসাধারণ একজন ফুটবলার, ফুটবলের জন্য এক অমূল্য সম্পদ।”
স্কালোনি জানান, ইয়ামাল ছাড়াও তিনি পুরো স্পেন দলকে সমান গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, “গত বছরের ডিসেম্বর থেকেই লুইস দে লা ফুয়েন্তের দলকে বিশ্লেষণ করে আসছি।”
আর্জেন্টাইন কোচ বলেন, “স্পেনের সবকিছুই আমাদের ভাবাচ্ছে। তবে আমরা চেষ্টা করব তাদের কোচকে যেন হোটেলেই রেখে আসা যায়!”
সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হলে স্কালোনি জানান, “এ বিষয়ে তার নিজেরও কোনো ধারণা নেই।” তিনি বলেন, “আমি জানি না। আমি কী করে জানব? মেসি সবসময়ই আমাদের চমকে দেয়।”