ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচের সামনে দাঁড়িয়ে আছেন লামিন ইয়ামাল। তবে আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে অনুশীলনে ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ দেখা যাওয়ায় তার খেলার ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ইয়ামাল ফাইনালে খেলতে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ সে অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছে এবং সে ভালো আছে। তার কোনো সমস্যা নেই। সে পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে।’
এদিকে, ইয়ামালের সাথে ২০০৭ সালে লিওনেল মেসির একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, এই ফাইনাল হতে পারে, সেরার ব্যাটন মেসির হাত থেকে ইয়ামালের হাতে যাওয়ার প্রতীকী মুহূর্ত।
ফুয়েন্তে ইয়ামালের মনোযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘লামিনকে লামিনই থাকতে হবে। মেসি ইতিহাসে একবারই আসা একজন খেলোয়াড়। তার আচরণ, মানসিকতা তরুণদের জন্য উদাহরণ। লামিনকে নিজের মতো করেই খেলতে হবে।’