শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষায় নতুন আইন অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে। নতুন এই আইন অনুযায়ী, পরীক্ষা সুষ্ঠু হবে এবং এতে কড়াকড়ি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, ‘ভুল প্রশ্ন দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং শাস্তির আওতায় আনা হবে।’ এছাড়া, পরীক্ষার সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, আগামী বছরের এইচএসসি পরীক্ষার সময়সূচি আগেই প্রকাশ করা হয়েছে। আগামী বছর কারিকুলামে পরিবর্তন আনা হবে এবং ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।
এইচএসসি পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে, যা ২ হাজার ৬৯৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার ৯টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর থেকে ১১ বোর্ডে মৌলিক বিষয়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে।