২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল, ২ জুলাই থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, আশা করা হচ্ছে এবার প্রশ্নপত্র ফাঁস হবে না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ খুবই কম।
তিনি উল্লেখ করেন, ডিজিটাল প্রশ্নপত্র চালু থাকলেও হ্যাকিংয়ের ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো সংসদ সদস্যের কেন্দ্র পরিদর্শনের কারণে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সচেতনতা রাখা হবে। গত এসএসসি পরীক্ষার সময় কিছু ঘটনা ঘটেছিল, তবে এবার এমপিরা বিষয়টি বিবেচনায় রাখবেন বলে আশা প্রকাশ করেন।
পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষকরা যেন নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন না করেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য পরীক্ষকের সংখ্যা বাড়ানো এবং দ্বৈবচয়ন (র্যান্ডম) পদ্ধতিতে খাতা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।
প্রসঙ্গত, আগামী ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন, পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।