বাংলাদেশের টেক্সটাইল খাত আগামীতে অর্থকরী খাতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "পূর্বে এই খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত। আমাদের পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে।" তিনি উল্লেখ করেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে।
এ সময় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএসে ক্যাডারে অন্তর্ভুক্তির বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নতুন দুটি কলেজ স্থাপনের ঘোষণাও দেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে এবং কোনো জট থাকবে না। ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জন ও ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে।