বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে আর্জেন্টিনার সমর্থক রাসেল হাওলাদারের গায়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি প্রকাশের ঘটনায়।
গতকাল মঙ্গলবার বিএমপি কমিশনারের নির্দেশে এই শোকজ করা হয়। বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে রাসেলকে ৮০০ ইয়াবাসহ আটক করা হয়।
আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা-পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া উইংকে দেয়। পরবর্তীতে তিনি ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি গণমাধ্যমে পাঠানো হয়।
এই ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে সঠিক তথ্য ও ছবি পুনরায় প্রকাশ করা হয়।
বিমএপি মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, ‘কমিশনার স্যার নিজ দপ্তরে এসআই তানজিল আহমেদকে তলব করেছিলেন। তাকে শোকজ করা হয়েছে।’
এদিকে, ৮০০ ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলায় আটক এবং পলাতক নারীকে আসামি করা হয়েছে।