মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশে একটি নবজাতক কন্যাসন্তান উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কেউ শিশুটিকে ফেলে যায়। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
কর্তব্যরত নার্স ও রোগীর স্বজনরা শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করেন। নার্সদের একজন জানান, শিশুটির জন্ম উদ্ধারের কিছুক্ষণ আগেই হয়েছে এবং আশপাশের কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় শিশুটি প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। পরবর্তীতে তাকে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়।
এদিকে, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া হাসপাতালে ছুটে যান এবং নবজাতকটিকে কোলে নিয়ে খোঁজখবর নেন। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এই ঘটনায় হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।