মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৯ জুন) ভোরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছের এলাকা থেকে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
বিজিবি সদস্যরা পাটক্ষেতের মধ্যে চারজনকে দেখতে পান। তাদের বাধা দেওয়ার পর ওই ব্যক্তিরা ভারতের কাঁটাতারের দিকে ফিরে যায়। স্থানীয়দের ধারণা, বিএসএফ মোট ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।
ঘটনার পর বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।