সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাদারীপুরের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুরের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মাদারীপুরের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষ্যে মাদারীপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী ব্যতিক্রমী শিক্ষা সফরে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

সোমবার (২৯ জুন) দুপুরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়াও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছিলেন।

এমপি জাহান্দার আলী মিয়া জানান, অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন দেখার ইচ্ছা থাকে এবং সেই স্বপ্ন পূরণ করতেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন।

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এই ধরনের শিক্ষা সফর পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন