মহররম উপলক্ষে সম্প্রচারিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন ‘জিও নিউজ’–এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।
গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ জুন প্রচারিত অনুষ্ঠানে জিও নিউজ এমন কিছু বিষয় প্রদর্শন করেছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পারে। এই কারণে সম্প্রচার স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার এক বিবৃতিতে জিও নিউজ ক্ষমা প্রার্থনা করেছে। চ্যানেলটি জানিয়েছে, সংবেদনশীল উপাদানগুলো ভুলবশত সম্প্রচারিত হয়েছে এবং এটি তাদের সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।
পাকিস্তানে ইসলামের সম্মানিত ব্যক্তিত্বদের চিত্রায়ণ অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। পূর্বে পশ্চিমা দেশগুলোতে প্রকাশিত ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ হয়েছে, যা ধর্মীয় বিতর্কের কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি করে।
জিও নিউজ আরও জানিয়েছে, বিতর্কিত বিষয়বস্তু তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু মানুষের ধর্মীয় রীতিনীতি দেখানো হয়েছিল, যা স্থানীয় সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে ছিল।
গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জিও নিউজকে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে এবং অভিযোগটি নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ কাউন্সিলেও পাঠানো হয়েছে। পাকিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২৬ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।