আগামী তিনদিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রবিবার সকালে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। শিগগিরই তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে।’
সরদার উদয় রায়হান আরও জানান, ধারাবাহিক বৃষ্টিতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উজানের ঢলে অব্যাহত পানি বাড়ায় খোলা হয়েছে তিস্তা ব্যারেজের জলকপাট।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভারতের কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির কারণে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনি বলেন, ‘বর্তমানে তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে, সুরমা নদীর সিলেট ও সুনামগঞ্জের কিছু পয়েন্টে, সুমেশ্বরী নদীর নেত্রকোণা জেলাতে বিপৎসীমার কাছাকাছি। অর্থাৎ, সতর্কতা সীমায় প্রবাহিত হচ্ছে।’
আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী তিনদিনে ময়মনসিংস, রংপুর ও সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।