সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের কর সুবিধায় বৈষম্যের অভিযোগ

সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বাজেটে কর সুবিধায় বৈষম্যের অভিযোগ করেছে বিএসআরইএ।

সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের কর সুবিধায় বৈষম্যের অভিযোগ

প্রস্তাবিত বাজেট অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি খাতের কর সুবিধা পাবে কেবল একটি গোষ্ঠী, এমন অভিযোগ করেছেন উদ্যোক্তারা। সৌরবিদ্যুতের প্রণোদনা সবার জন্য উন্মুক্ত করার তাগিদ দেন ব্যবসায়ীরা। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তাদের সংগঠন বিএসআরইএ।

বাজেটে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ খাতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক অব্যাহতি দেয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে, এসব সুবিধা কেবল বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলো পাবে। বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘বড় কিছু শিল্প প্রতিষ্ঠান নীতি সুবিধা পেলেও ৬৩ শতাংশ আবাসিক, ক্ষুদ্র বাণিজ্যিক গ্রাহক, সৌরবিদ্যুৎ ব্যবহারকারী ও খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বঞ্চিত হবে।’

এছাড়া, বিএসআরইএ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, ‘শূন্য শুল্ক সুবিধা সবাই পেলে ২০৩০ সালের মধ্যে ৮ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন করা সম্ভব।’

তাদের অভিযোগ, ডিজেলচালিত প্রায় ১৭ লাখ সেচ পাম্পকে সৌরবিদ্যুতে রূপান্তরের কোনো পরিকল্পনা ও আর্থিক প্রণোদনা বাজেটে রাখা হয়নি। অথচ সেচের জন্য বছরে ১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ডিজেল ব্যবহার হচ্ছে।

বিজ্ঞাপন