পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৯ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত তরুণী মোটরসাইকেলের পেছনের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ১৮ বছর বলে জানা গেছে, তবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তিনি জানান, নিহতের পরিচয় জানতে কেউ সহযোগিতা করতে পারলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।