সাতক্ষীরা সদরের আগড়দাঁড়ি ইউনিয়নের নেবাখালি এলাকায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে আমীর হামজা নামের এক যুবককে আটক করেছে গ্রামবাসী। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটককৃত আমীর হামজা (৩০) দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে। তিনি ভূয়া সেনা সদস্য আইডি কার্ডে মিনাজ উদ্দীন নাম ব্যবহার করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, হামজা মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতো।
একটি মেয়ের সঙ্গে ফেসবুকে সম্পর্ক গড়ে তুলেছিল সে। শুক্রবার ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসার সময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রতারণার বিষয়টি ধরা পড়লে হামজা তার সেনা সদস্য পরিচয় দিয়ে বিষয়টি স্বীকার করে।
হামজার মোবাইলে ৫-৬টি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও পাওয়া গেছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হামজা দীর্ঘদিন ধরে নারীদের সঙ্গে সেনা সদস্য পরিচয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।