নেত্রকোণার পূর্বধলায় জাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
আটক রোহিঙ্গা তরুণী কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং তার বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। অন্যান্য দুই আটক ব্যক্তি হলেন, পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার কাউসার বিবি তার বাবাকে সাথে নিয়ে নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যান। সেখানে তার পরিচয় ও জমা দেওয়া কাগজপত্রে অসংগতি ধরা পড়লে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়।
পরে চেয়ারম্যান কাউসার বিবি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে প্রায় দুই মাস আগে জন্মনিবন্ধন তৈরিতে স্থানীয় আজিজুল হক ও আব্দুল জলিলের সম্পৃক্ততার অভিযোগ উঠে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের বিরুদ্ধে মামলাসহ আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তেও তদন্ত করা হচ্ছে।